বিজ্ঞাপন

কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ

কুড়িগ্রামে রাজারহাট-তিস্তা সড়কে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়েছে। এতে কুড়িগ্রামের সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে রেল যোগাযোগ ব্যবস্থা। ফলে কুড়িগ্রাম এক্সপ্রেসের ঢাকাগামী যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার সূধী কানন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালুভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় কুড়িগ্রাম জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এ কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।

এছাড়াও রেললাইন বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের বাস, অটোরিকশাসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এ পরিস্থিতিতে এই রুটের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকাগামী যাত্রী ইউনুস আলী বলেন, যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রাম আসবে না। পরে বাধ্য হয়ে সিএনজিযোগে কাউনিয়া স্টেশনে রওনা দেই।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান জানান, বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইন ব্লক হয়ে গেছে। ট্রাকটি সরানোর কাজ চলমান রয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে তিস্তা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেসটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

মমিনুল ইসলাম বাবু/এসএইচএ