গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব (২২)।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব দুই ভাই। তারা ওই এলাকার এরশাদুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেল কার দায়িত্বে থাকবে সেটি নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। পরে গুরতর আহত অবস্থায় সাকিবকে পরিবারের লোকজন প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থা গুরতর হওয়ায় পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। পরে ছোট ভাই রাকিব বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। তবে মোটরসাইকেলটি পরিবারের না অন্য কারো সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশও কাজ করছে। মরদেহ এখনো বগুড়ায় আছে।
মাসুম বিল্লাহ/আরকে
