দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, অতি অল্প সময়ের মধ্যে চার্জশিট দিয়ে অতি দ্রুত নন্দিনী হত্যার বিচারকাজ সম্পন্ন করা হবে। এটি নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড। এর নিন্দা ও দুঃখ প্রকাশের ভাষা আমার নেই।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নন্দিনীর বাড়িতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী বাজেট অধিবেশন থেকে আমাদের নির্দেশ দিয়েছেন শিশু নন্দিনীর পরিবারের পাশে দাঁড়াতে এবং যত ধরনের সহযোগিতা প্রয়োজন তা প্রদান করতে। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে জেলার ৩ জন সংসদ সদস্য ও জেলা শীর্ষ কর্মকর্তারা সহ চলে এসেছি।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। আমি যতদূর শুনেছি, গ্রেপ্তার ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছে। কিছু পরীক্ষা-নিরীক্ষা রয়েছে, তা সম্পন্ন করে চার্জশিট দিয়ে দ্রুত সময়ের মধ্যে নন্দিনী হত্যা মামলারর বিচার কার্য সম্পন্ন করা হবে। আমাদের এমনটাই মনে হয়, যারা এতটুকু একটা ছোট শিশুকে হত্যা করতে পারে তারা মানুষ নয়, নরপিচাশ। তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে উদাহরণ হয়ে থাকে। এমন কাজে আর কেউ যুক্ত হতে সাহস না পায়।
ত্রাণমন্ত্রী আরও বলেন, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা ঘটনাস্থলে এসেছিলেন। তারা আসামিকে গ্রেপ্তার করে শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। সেই শান্তিপূর্ণ পরিবেশ কার ইন্ধনে, কার উসকানিতে, কার প্ররোচনায় প্রশাসনকে আক্রমণ করা। এটি আর একটি অপরাধ। আইন হাতে তুলে নিয়েছে তারা। এটাতে কারো উসকানি আছে কিনা সেটিও পুলিশ তদন্ত করে দেখছে।
সাধারণ মানুষ যারা এ ঘটনার সাথে জড়িত নয়, তারা নিশ্চিন্তে বাড়িতে থাকবে। কিন্তু যারা ক্রিমিনাল, যারা প্রশাসনকে আক্রমণ করে মব সৃষ্টি করে তারা অপরাধী। আমরা বলেছি, যারা এ অপরাধের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে।
গত মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে ৭ বছরের শিশু নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তার বিধান চন্দ্র দায় স্বীকার করেছেন। সেই শিশু নন্দিনীর পরিবারের কাছে যান ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। মন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সমবেদনা জ্ঞাপন করে এ হত্যার দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক ও স্থানীয় নেতা কর্মীরা।
এসএইচএ
