বিজ্ঞাপন

কৌশলে জমি লিখে নিলেন ছেলে, ফিরে পেতে ঘুরছেন বৃদ্ধ বাবা

কৌশলে জমি লিখে নিলেন ছেলে, ফিরে পেতে ঘুরছেন বৃদ্ধ বাবা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের তালদর্শী গ্রামে অসুস্থ বৃদ্ধ বাবার সরলতার সুযোগে কৌশলে সাড়ে ১০ শতক জমি হেবা দলিলমূলে নিজের নামে লিখে নিয়েছেন ছেলে মোহর উদ্দিন। বিষয়টি বুঝতে পেরে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ৯০ বছরের বৃদ্ধ বাবা আবদুল জব্বার।

জমি ফেরত চাইলে উল্টো ওই বৃদ্ধকে বাড়ি ছাড়া ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন তারই ছেলে। এর প্রতিকার চেয়ে গত সোমবার (১৬ জুন) ছেলের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন ওই বৃদ্ধ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছেন আবদুল জব্বার। 

তিনি দাবি করেন, চিকিৎসার কথা বলে তার দ্বিতীয় ছেলে মোহর উদ্দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করেন। পরে কৌশলে পাকুন্দিয়া সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তার অজান্তে প্রতারণার মাধ্যমে সাড়ে ১০ শতক জমি হেবা দলিলে নিজের নামে লিখে নেন। পরে বিষয়টি জানতে পেরে জমি ফেরত দেওয়ার অনুরোধ করেন আবদুল জব্বার। কিন্তু জমি ফিরিয়ে দেওয়ার বদলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মোহর উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, বাবা স্বেচ্ছায় আমার নামে জমি লিখে দিয়েছেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

বৃদ্ধের বড় ছেলে গিয়াস উদ্দিন জানান, বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বরং সালিশে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে মোহর উদ্দিন তাকে ও তার বাবাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

পাকুন্দিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএআর

বিজ্ঞাপন