বিজ্ঞাপন

রূপগঞ্জে বালু নদীর দুই সেতু এক বছরের মধ্যে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর

রূপগঞ্জে বালু নদীর দুই সেতু এক বছরের মধ্যে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জের বালু নদীর ওপর নির্মাণাধীন দুটি সেতুর কাজ আগামী এক বছরের মধ্যে শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি বলেছেন, সেতু দুটি চালু হলে রাজধানীর সঙ্গে রূপগঞ্জ ও ঢাকার পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং লাখো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলার বালু নদীর ওপর নির্মাণাধীন ইছাপুরা সেতু এবং কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন শেষে নগরপাড়ায় আয়োজিত এক সভা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, বালু নদীর ওপর নির্মিতব্য কায়েতপাড়া-নগরপাড়া সেতু শুধু রূপগঞ্জের জন্য নয়, ঢাকার পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবকাঠামো। সেতুটি চালু হলে রাজধানীর পূর্ব মাদারটেক ও সবুজবাগ এলাকা হয়ে রূপগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ হবে। পাশাপাশি সিলেট ও চট্টগ্রামমুখী যাতায়াতেও সময় ও দূরত্ব কমে আসবে।

তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল নানা সময়ে বিভিন্নভাবে সেতু নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে গুরুত্বপূর্ণ এই প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। তবে বর্তমান সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে বদ্ধপরিকর। যেসব উন্নয়ন প্রকল্প নানা কারণে অসমাপ্ত রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ বা ধীরগতির এই দুই সেতুর কাজও দ্রুত এগিয়ে নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে সেতু দুটির নির্মাণকাজ শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে রূপগঞ্জসহ আশপাশের এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হওয়ায় স্থানীয় অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানও সেতু দুটি দ্রুত চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের ভিত্তি তৈরি করে। সেতু দুটি চালু হলে রূপগঞ্জবাসী সরাসরি এর সুফল ভোগ করবে।

উল্লেখ্য, বালু নদীর ওপর নির্মাণাধীন কায়েতপাড়া-নগরপাড়া সেতু প্রকল্পটি প্রায় ২৩ বছর ধরে বিভিন্ন জটিলতায় আটকে রয়েছে। দীর্ঘ সময়েও প্রকল্পটি শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছিল। সাম্প্রতিক এই পরিদর্শন ও দ্রুত কাজ শেষ করার সরকারি আশ্বাসে নতুন করে আশা দেখছেন এলাকাবাসী।

পরিদর্শনকালে  নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিনসহ সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান সৈকত/আরএআর