সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি দানবাক্স (ডেগ) সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দানবাক্স স্থাপন এবং নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারের তিনটি দানের ডেগ সিলগালা করা হয়। এ সময় মাজারের প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে একটি বড় দানবাক্স ও কয়েকটি ছোট দানবাক্স স্থাপন করা হয়।
আবদুল বাছিত মোল্লা বলেন, দান সংগ্রহ প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও স্বচ্ছ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে ভক্তদের দেওয়া সব ধরনের দান প্রশাসনের তত্ত্বাবধানে থাকা দানবাক্সে জমা হবে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, আগামী এক মাস জেলা প্রশাসনের সমন্বয়ে ওয়াক্ফ এস্টেট ও মাজার কর্তৃপক্ষ যৌথভাবে আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ করবে। পরবর্তীতে ডিজিটাল হিসাব সংরক্ষণ, নিয়মিত অডিট এবং একটি স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করা হবে।
প্রসঙ্গত, মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে প্রশ্ন ছিল। সম্প্রতি পরিকল্পনা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি আলোচনায় আসে। এরপর প্রশাসন আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে উদ্যোগ নেয়।
মাসুদ আহমেদ রনি/আরএআর
