চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা এলাকায় ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার আগে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
আহত আব্দুল কাদের (২৫) দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের রহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এ পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং কিছু দূর পর্যন্ত ট্রেনের সঙ্গে টেনে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ কাজ করছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, আহত আব্দুল কাদেরের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আফজালুল হক/আরএআর
