বিজ্ঞাপন

নতুন মামলায় শোন অ্যারেস্ট সাবেক এমপি কাজী কেরামত

নতুন মামলায় শোন অ্যারেস্ট সাবেক এমপি কাজী কেরামত

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী (৭৫) দীর্ঘ প্রায় দেড় বছর পর হাইকোর্ট থেকে জামিন লাভ করলেও নতুন একটি মামলায় শোন অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) হওয়ায় কারামুক্ত হতে পারেননি।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর পৌনে ১২টার দিকে কাজী কেরামত আলীকে রাজবাড়ী সদর আমলী আদালতে শুনানিতে তোলা হলে পুলিশ নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার  দেখালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তা মঞ্জুর করেন। শুনানি শেষে পুনরায় কাজী কেরামত আলীকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা জিআর নং-৩৩২/২৪ মামলার ২ নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে সাবেক এমপি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়। পরে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া জিআর নং-৩৩৪/২৪ মামলাতেও তাকে আসামি দেখিয়ে গ্রেপ্তার দেখায় পুলিশ।

জিআর ৩৩৪/২৪ মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর এবং জিআর ৩৩২/২৪ মামলায় গত ৪ জুন হাইকোর্ট থেকে জামিন লাভ করেন কাজী কেরামত আলী। এসব মামলায় জামিন পাওয়ার পর গত ৯ জুন তার কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাকে অপর জিআর ৩৬৫/২৪ একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে।

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবী আশরাফুল ইসলাম আশা বলেন, সাবেক এমপি কাজী কেরামত আলীর হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হয়েছিল এবং গত ৯ জুন তারা কারামুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাকে জিআর ৩৬৫/২৪ একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আমরা আগামী রোববার সাবেক এমপি কাজী কেরামত আলীর জামিনের জন্য আদালতে আবেদন করবো।

রাজবাড়ীর কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, সাবেক এমপি কাজী কেরামত আলীকে নতুন একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে পুনরায় কারাগারে পাঠিয়েছে আদালত।

মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর

বিজ্ঞাপন