বিজ্ঞাপন

শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, টেবিলে পড়ে ছিল চিরকুট

শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, টেবিলে পড়ে ছিল চিরকুট

নরসিংদীর শিবপুরে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. বিল্লাল হোসাইন (৫০) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার কলেজগেইট স্কুলসংলগ্ন ভাড়াবাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় টেবিলে পড়ে থাকা একটি চিরকুটও উদ্ধার করা হয়।

বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালে তিনি এই বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন।

স্থানীয়রা জানান, সকালে বিল্লাল হোসাইনের ছেলে কলেজে যায় এবং স্ত্রী মেয়েকে নিয়ে স্কুলে যান। পরে স্ত্রী বাড়িতে ফিরে দরজা-জানালা বন্ধ দেখতে পান। প্রতিবেশীদের নিয়ে বারবার ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় বিল্লাল হোসাইনকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ নামানো হয়। কক্ষের টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করে থানায় নেওয়া হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। কেন তিনি আত্মহত্যা করলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।

শিবপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ওই শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। টেবিলের পাশ থেকে চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটের লেখা শিক্ষকের কিনা তা পরীক্ষা করা হচ্ছে। তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে না। আত্মহত্যার পেছনে পারিবারিক না অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমিনুর রহমান সাদি/আরএআর

বিজ্ঞাপন