বিজ্ঞাপন

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মমদ আবুক বক্কর নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিমানবন্দরের যাত্রী বহির্গমন লাউঞ্জে এ অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দা, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই ও ডিজিএফআইয়ের সমন্বয়ে যৌথ এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭ এর যাত্রী আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করে ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মধ্যে ছিল ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ আমিরাতি দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, বৈদেশিক মুদ্রা পাচারের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৈদেশিক মুদ্রা পাচার, নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে।

এমআর/এমটিআই

বিজ্ঞাপন