বিজ্ঞাপন

কিশোরগঞ্জে নদীর পাড়ে মিলল যুবকের মুখ থেঁতলানো মরদেহ

কিশোরগঞ্জে নদীর পাড়ে মিলল যুবকের মুখ থেঁতলানো মরদেহ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে নদীর পাড় থেকে মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় শফিক মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার আব্দুল্লাহপুর নৌকা ঘাট সংলগ্ন কালনী নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিক মিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির মুখমণ্ডল থেঁতলানো ছিল এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

সাখাওয়াত হোসেন/আরকে