বিজ্ঞাপন

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুঃখ প্রকাশ

সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুঃখ প্রকাশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর চারজন সাংবাদিকের নামে মামলার ঘটনা এবং সাংবাদিক গ্রেপ্তারের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

শুক্রবার (১৯ জুন) রাতে প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এ বিষয়ে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তার পক্ষে দাবি করে ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চারজনকে নিয়ে উদ্ভূত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন।

তিনি আশা করেন, গ্রেুপ্তার হওয়া সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ভূত মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। তাই এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী এ পরিস্থিতিতে সাংবাদিক সমাজের সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।

আব্দুল মোমিন/এএমকে