ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন ওই গ্রামের নয়ন শেখের ছেলে এবং পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাহিন শেখ ও তার চাচাতো ভাই ফাহিম বাড়ির পাশে একটি আমগাছে উঠে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর চেষ্টা করছিল। এ সময় পতাকা বাঁধার জন্য ব্যবহৃত বাঁশটি এক পাশে হেলে পড়ে গাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।
পরে ফাহিমের চিৎকারে স্থানীয় ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাখাওয়াত সুমন/এমটিআই
