দ্বীপজেলা ভোলার প্রায় ২২ লাখ মানুষের উন্নত চিকিৎসার শেষ ভরসাস্থল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। তবে এই হাসপাতালের ছয় বেডের আইসিইউ ইউনিট অচল অবস্থায় মুখ থুবড়ে পড়ে আছে গত ৫ বছর ধরে। ফলে বছরের পর বছর ধরে ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়ার শঙ্কায় প্রায় কোটি টাকার সরকারি যন্ত্রপাতি।
এতে হৃদরোগে আক্রান্ত মুমূর্ষ রোগীরা প্রয়োজনীয় আইসিইউ সেবা না পাওয়ায় ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা। হাসপাতাল কতৃপক্ষ গুরুত্বপূর্ণ এ ইউনিটটি চালুর ব্যাপারে তোড়জোড় নেই অভিযোগ সচেতন মহলের। তবে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ জনবল পেলেই সব সমস্যার সমাধান হবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। এছাড়া অভিযোগ রয়েছে হৃদরোগে আক্রান্ত মুমূর্ষু রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পেরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুর দায় এড়াতে রেফার্ড করেন বরিশাল ও ঢাকায়। এতে পথেই প্রাণ হারান রোগীরা।
সরেজমিনে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ভোলা শহরের জেনারেল হাসপাতালের নতুন বহুতল ভবনের ৩য় তলায় ২০২১ সালে ছয়টি আইসিইউ বেড স্থাপন করা হয়। এছাড়া পাঁচটি ভেন্টিলেটর,সাতটি অক্সিজেন কনসেনটেটর ও ছয়টি হাইফ্লু ন্যাজাল ক্যানুলা সরকারি ভাবে সরবরাহ করা হয়। এছাড়া রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও। তবে জনবলের অভাবে গত ৫ বছরেও আইসিইউ ইউনিটটি চালু হয়নি, ফলে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এ ইউনিটটি।
কর্তৃপক্ষ জানিয়েছে,হাসপাতালটি প্রধান সমস্যা হচ্ছে তীব্র চিকিৎসক ও নার্স সংকট। ৮৭টি চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২২ জন এবং ৯২টি নার্সের পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৭৬ জন। হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটিতে মাত্র একজন কার্ডিওলজি চিকিৎসক কর্মরত রয়েছেন। এছাড়া হাসপাতালে প্রতিদিনই চিকিৎসা নেন ধারণক্ষমতার প্রায় তিন গুনের বেশি রোগী।
গত ৫দিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আশির্ধ্বো সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা দরিদ্র মো.আবু কালাম হাওলাদার। তিনি অভিযোগ করে ঢাকা পোস্টকে করে বলেন, 'হাসপাতালে সঠিক চিকিৎসা পাইতেছি না,কইয়া লাভ নাই। টাকা পয়সা নাই দেইখাই পোলাপানে আমারে এখানে ভর্তি কইররা রাখছে।’
তার পাশের বেডেই গত ১৪ দিন ধরে চিকিৎসাধীন উত্তর দিঘলদী ইউনিয়নের মো.ফরমুজুল হক হাওলাদার (৮৪)। ভাঙা ভাঙা স্বরে তিনিও অভিযোগ করে বলেন, 'ভোলা সদর হাসপাতালের বেডে শুধু শুয়েই আছি। যে অবস্থায় ছেলে মেয়েরা এনে হাসপাতালে ভর্তি করিয়েছে সে অবস্থাতেই আছি। আমার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি, কী করব।'
ভর্তি রোগীদের ক্ষুব্ধ স্বজন লাইজু বেগম,মনোয়ারা বেগম ও আলী আকবর বলেন, ‘আমরা গরীব মানুষ। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বাবাদেরকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করিয়েছি। দিনের পর দিন পেরিয়ে গেলেও তাদের স্বাস্থ্যের কোনো উন্নতি দেখছি না। হাসপাতালের লোকজন বলে ঢাকা-বরিশাল নিয়ে যেতে। আমাদের টাকা পয়সা থাকলে তো আর ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য রাখতাম না।’
তারা আরও বলেন, 'প্রতিদিন সকালে একজন ডাক্তার কয়েক মিনিটের জন্য ওয়ার্ডে রাউন্ড দিয়ে চলে যান। এরপর ২৪ ঘন্টা পর ছাড়া হৃদরোগের আর কোনো ডাক্তার হাসপাতালে পাওয়া যায়না। এভাবেই চলছে হৃদরোগের রোগীদের চিকিৎসা। চিকিৎসার অভাবে কেউ মারা গেলে দায়ভার কে নেবে। ভোলা সদর হাসপাতালে আইসিইউ ইউনিট আছে। সেটি যদি চালু থাকতো তাহলে সঠিক চিকিৎসা পাওয়া যেত'।
এদিকে বোরহানউদ্দিনের পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.ওমর ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করা হয় শহরের ভোলা জেনারেল হাসপাতালে। কিন্তু ভোলা জেনারেল হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ স্বজনদের।
তার ভাগনে মো. রাসেল বলেন, 'আমার মামাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনার পর হৃদরোগের যথাযথ চিকিৎসা পাইনি। ফলে অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছি'।
ভোলাবাসীর চিকিৎসায় যেহেতু কাজেই আসছে না সেক্ষেত্রে ভোলা সদর হাসপাতালে ৬টি আইসিইউ বেড কেনো এবং কাদের জন্য স্থাপন করা হয়েছে প্রশ্ন রেখে সচেতন মহলের মো.রাকিব ও হাসনাইন বলেন, 'হৃদরোগে আক্রান্ত মুমুর্ষ রোগীরা ভোলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিটের চিকিৎসা আজও পর্যন্ত পাচ্ছে না।’
আমরা ভোলাবাসী এদেশের নাগরিক হওয়া স্বত্ত্বেও রাষ্ট্রীয় বহু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ভোলা সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের নামে মাত্র চিকিৎসা দিয়ে ঢাকা বরিশালে রেফার্ড করে দেওয়া হয়। পথেই প্রাণ হারান ভোলার মানুষ। এ খবর কেউ রাখে না। ভোলাতে আইসিইউ এর চিকিৎসার অভাবে আর কত প্রাণ ঝরবে?'
ভোলা সদর হাসপাতালে শুধু ৬টি আইসিইউ বেড এবং কিছু যন্ত্রপাতিই রয়েছে। আইসিইউ ইউনিট চালানোর মতো দক্ষ জনবল নেই বলে জানান ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.তৈয়বুর রহমান।
তিনি ঢাকা পোস্টকে বলেন, আইসিইউ চালানোর জন্য চিকিৎসক অ্যানেসথেটিষ্ট, নার্সসহ অন্যান্য জনবল প্রয়োজন। বিষয়টি উর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়েছি। যদি জনবল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো পাওয়া যায় তাহলে আইসিইউ ইউনিট চালু করব এবং রোগীদেরকে আইসিইউ সেবা অবশ্যই আমরা দেব।
ডা.তৈয়বুর রহমান এক প্রশ্নের জবাবে বলেন, হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা ভোলা জেনারেল হাসপাতালে আমরা দিয়ে থাকি। শুধুমাত্র যেসব রোগীদের স্পেশালাইজড চিকিৎসার প্রয়োজন তাদেরকে রেফার্ড করা হয়।
এদিকে চিকিৎসা খাতের গুরুত্বপূর্ণ ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটটি চালুর ব্যাপারে অতিদ্রুত কার্যকরী উদ্যোগ গ্রহণ করবে সরকার। এতে নিশ্চিত হবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মুমূর্ষু রোগীদের যথাযথ চিকিৎসা- এমনটাই প্রত্যাশা ভোলাবাসীর।
মো.খাইরুল ইসলাম/এমটিআই
