গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার। অভিযুক্ত ছোট ছেলেকে একমাত্র আসামি করে এই হত্যা মামলা দায়ের করেছেন তাদের বাবা এরশাদুল হক।
শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা ও গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানায় এই হত্যা মামলা দায়ের হয়।
এরআগে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পৌর শহরের ৯নং ওয়ার্ডের মাগুরা গ্রামে একটি মোটরসাইকেলের দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হন বড় ভাই সাকিব (২২)। নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব আপন ভাই।
এ ব্যাপারে মামলা তদন্তের দায়িত্বে থাকা গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, বড় ছেলেকে হত্যার ঘটনার ছোট ছেলের বিরুদ্ধে তার বাবা হত্যা মামলা দায়ের করেছেন। আসামি রাকিব ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। আমরা তাকে গ্রেপ্তারের চেষ্টা করছি।
প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে দুই ভাইয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে রাকিব তার বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। পরে গুরতর আহত সাকিবকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের সদস্যরা। পরে আশঙ্কানক থাকায় কর্তব্যরত চিকিৎসারা তাৎক্ষণিক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাসুম বিল্লাহ/গাইবান্ধা
