বিজ্ঞাপন

যশোরে আহ্বায়ক-সদস্যসচিবসহ জাতীয় পার্টির ২৫ নেতার পদত্যাগ

যশোরে আহ্বায়ক-সদস্যসচিবসহ জাতীয় পার্টির ২৫ নেতার পদত্যাগ

জাতীয় পার্টির (জাপা) যশোর জেলা আহ্বায়ক, সদস্য সচিবসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের ২৫ জন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৯টার দিকে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ পদত্যাগের এই ঘোষণা দেন।

এ সময় নেতৃবৃন্দ জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে চরম সাংগঠনিক বিশৃঙ্খলা এবং অসাংগঠনিক ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব মুফতি ফিরোজ শাহ।

লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করতে এবং দেশের কল্যাণে কাজ করে আসছিলেন। কিন্তু সম্প্রতি দলের অভ্যন্তরে কোনো সাংগঠনিক শৃঙ্খলা অবশিষ্ট নেই। তদুপরি, কেন্দ্রীয় ও ঊর্ধ্বতন নেতৃবৃন্দের অসাংগঠনিক আচরণ ও স্বেচ্ছাচারী কার্যকলাপের কারণে এই দলটি দেশ ও জনগণের জন্য বর্তমান ও ভবিষ্যতে কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না বলে তারা মনে করছেন।

এমন পরিস্থিতিতে গভীর ক্ষোভ ও নীতিগত অবস্থান থেকে তারা স্বেচ্ছায় জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং শুক্রবার থেকে জাতীয় পার্টির সঙ্গে তাদের আনুষ্ঠানিক সব সম্পর্ক ছিন্ন হলো বলে ঘোষণা দেন।

জেলা কমিটির সদস্যসচিব মুফতি ফিরোজ শাহ বলেন, যশোরে জেলা কমিটি সুসংগঠিত। কিন্তু কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিকে অবহিত না করে জেলায় একাধিক অনুষ্ঠান করে, এটা অপমানজনক। এমন পরিস্থিতিতে দলের সব পদপদবি থেকে আমরা পদত্যাগ করছি। আমাদের অন্য কোনো দলে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

পদত্যাগকারী নেতৃবৃন্দ হলেন, জেলা কমিটির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, মণিরামপুর উপজেলা সভাপতি এম এ হালিম, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, কেশবপুর উপজেলা সভাপতি জি এম হাসান, শার্শা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, যশোর সদর উপজেলা সভাপতি শফিয়ার রহমান, সহসভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক ইমন হোসেন লাল্টু, জেলা কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, রুহুল আমিন লাভলু, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গনি সরকার, মাস্টার ফিরোজ, মণিরামপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সাইফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মণিরামপুর উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

পদত্যাগ প্রসঙ্গে জাতীয় পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর আব্দুস সবুর আসুদ জানান, পদত্যাগের বিষয়টি তার জানা নেই। শনিবার যশোরে দলীয় কর্মসূচি রয়েছে। তিনি সেই কর্মসূচিতে যোগ দেবেন। যশোরে গিয়ে তিনি নেতাদের সঙ্গে কথা বলবেন।

রেজওয়ান বাপ্পী/এএমকে