সিরাজগঞ্জে হামের প্রকোপ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত প্রায় দুই সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ২০ জনের বেশি রোগী হামের লক্ষণ নিয়ে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন রোগী ভর্তি হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ জনে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (২০ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত হামে রোগী ভর্তির দৈনিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, শুক্রবার (১৯ জুন) শেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুইজন।
নতুন রোগী যুক্ত হওয়ায় জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৯৪ জন এবং বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন।
দৈনিক হামের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, ৭ জুন পর্যন্ত জেলায় হামের লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৭ জন। এরপর ১৯ জুন পর্যন্ত ১২ দিনে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২৪৪ জন রোগী। সেই হিসাবে এ সময়ে প্রতিদিন গড়ে প্রায় ২০ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন বিশ্লেষণে আরও দেখা যায়, ১৭ জুনের প্রতিবেদনে নতুন ভর্তি রোগী ছিল ২৪ জন, ১৮ জুনে ২৯ জন, ১৯ জুনে ১৯ জন এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় সেই সংখ্যা কমে ১৪ জনে নেমে এসেছে।
বর্তমানে আক্রান্তদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মো. নাজমুল হাসান/এএমকে
