ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালিয়ে জেলি পুশ করা প্রায় ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। এ সময় একটি মৎস্য আড়তের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (২০ জুন) সকালে শহরের পৌর মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ‘বাংলাদেশ ফিশিং’ নামে একটি আড়তে বিক্রির জন্য রাখা গলদা চিংড়িতে অপদ্রব্য জেলি ব্যবহারের সত্যতা পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় ৮০ কেজি জেলি পুশ করা গলদা চিংড়ি জব্দ করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১ ধারায় আড়তের মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত চিংড়িগুলো মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।
এ সময় ফেনী সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, জেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আড়তদার সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা বলেন, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় চিংড়ির ওজন বৃদ্ধি এবং গ্রেড পরিবর্তনের জন্য এতে জেলি জাতীয় অপদ্রব্য পুশ করে থাকেন। এতে ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হয়। নিরাপদ খাদ্য নিশ্চিত ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে অন্যান্য মৎস্য আড়তের মালিক, ব্যবসায়ী ও ক্রেতাদের জেলি পুশ করা চিংড়ির স্বাস্থ্যঝুঁকি এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সচেতন করা হয়।
তারেক চৌধুরী/আরএআর
