বিজ্ঞাপন

গ্রিল কেটে ফেনী পাইলট স্কুলে চুরি

গ্রিল কেটে ফেনী পাইলট স্কুলে চুরি

ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের পুরোনো ভবনের কলাপসিবল গেটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ জুন) সকালে এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ্ দিবা খানম।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ২টা ৫৮ মিনিটের দিকে বিদ্যালয়ের পুরোনো ভবনের দ্বিতীয় তলার কলাপসিবল গেটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার তিনটি শ্রেণিকক্ষ থেকে বৈদ্যুতিক তার, সুইচ, সকেট, সার্কিট ব্রেকার, বৈদ্যুতিক মিটার, পানির মোটর, স্টোররুমে থাকা কপার তারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বিদ্যালয় ত্যাগ করেন প্রধান শিক্ষক। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের অফিস সহায়ক বিষু চন্দ্র দাস মুঠোফোনে তাকে চুরির বিষয়টি জানান। খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ্ দিবা খানম বলেন, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যে আমি ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেছি।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ ঢাকা পোস্টকে বলেন বলেন, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

তারেক চৌধুরী/ এনটি 

বিজ্ঞাপন