বিজ্ঞাপন

সালিশে বিএনপি নেতাকে ধমকালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

সালিশে বিএনপি নেতাকে ধমকালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

মাদারীপুরের শিবচরে একটি সালিশ বৈঠকে কথা বলায় মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালার উত্তেজিত হয়ে টেবিল চাপড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে তাকে উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়। এ নিয়ে নানা সমালোচনা দেখা দিয়েছে।

ভাইরাল ভিডিওতে এমপিকে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার দিলেন কেন?’ একপর্যায়ে তিনি টেবিল চাপড়ে বলেন, ‘এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো। চুপ করেন। আমি আসছি বিচার করার জন্য। কাউন্টার দিলে আমি দিবো।’

জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়ায় আয়োজিত একটি সালিশ বৈঠকে দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মারুফুল হাসান তারার সঙ্গে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মারুফুল হাসান তারা বলেন, ঘটনাটি প্রায় এক মাস আগের। আমার বাড়ির পাশে বাদল মাতবর ও করিমা মাতবরদের মধ্যে মারামারির মীমাংসার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের অনেক মানুষ উপস্থিত ছিলেন। বিচার চলাকালে আমি সালিশদার হিসেবে কথা বলায় তিনি রেগে যান এবং চিল্লাপাল্লা করেন।

তিনি অভিযোগ করেন, এমপি সাহেব বিচারের মধ্যে অন্য কাউকে কথা বলার সুযোগ দেন না। তিনি একাই সব বলতে চান। তার কথা হলো, তিনি কোনো সালিশে থাকলে আর কোনো সালিশদার কথা বলতে পারবেন না। এজন্য আমি সালিশদার হিসেবে কথা বলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি বেয়াদবের মতো আচরণ করেন। তবে যাওয়ার সময় তিনি আমার কাছে ভুল স্বীকার করে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বক্তব্য প্রদানকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে এমপি হানজালা মেজাজ হারান। এ সময় সালিশে উপস্থিত এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। একপর্যায়ে ভিডিও ধারণ বন্ধ করার নির্দেশ দেওয়া হলে ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে।

এ বিষয়ে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালা বলেন, এটা প্রায় এক-দেড় মাস আগের ঘটনা। ওরা আমাকে ছাড়া বিচারে বসবেই না। পরে আমি গিয়েছি। সালিশের সময় উভয় পক্ষই কথা বলতেছিল, তর্কে জড়াইছিল। তখন আমি ধমক দিয়েছি। তবে বিচার কাজটি বেশ সুন্দরভাবে সমাধান হয়েছে।

আরএআর