পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলতি অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি। অতীতের বিভিন্ন বাজেটের পর দেখা গেছে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়।
শনিবার (২০ জুন) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা গত ১১ জুন বাজেট পেশ করেছি। স্বাধীনতার ৫৪ বছরে যতবার বাজেট হয়েছে, বাজেটের পরদিনই দেখা গেছে তেল, চিনি, চাল, আটা ও মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। কিন্তু এবার কি দাম বেড়েছে? কেউ বলতে পারবে না যে বাজেটের কারণে তার নাভিশ্বাস উঠেছে বা নিত্যপণ্যের দাম বেড়েছে।
তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ হওয়ার পরও সাধারণ মানুষের ওপর কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি। এটাই হচ্ছে তারেক রহমানের নেতৃত্বের প্রতিফলন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, একটি রাজনৈতিক দল বাজেটকে ‘স্বপ্নবিলাসী বাজেট’ বলে সমালোচনা করছে এবং কয়েকটি স্থানে মিছিলও করেছে। তাদের অভিযোগ ছিল, বিড়ি, সিগারেট, তামাক ও মদের দাম বৃদ্ধি করা হয়েছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান চান বাংলাদেশের মানুষ ধীরে ধীরে বিড়ি, সিগারেট, তামাক ও মদ থেকে দূরে সরে আসুক। সে কারণেই এসব পণ্যের দাম কয়েক গুণ বাড়ানো হয়েছে। অথচ যারা মানুষের কল্যাণের কথা বলে, তারাই আজ তামাক ও মদের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ প্রমুখ।
নুর হাসান/এমএন
