বিজ্ঞাপন

নরসিংদীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

নরসিংদীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

নরসিংদীর মাধবদীতে ৮ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাব্বি হাসান (২৮) নামে এক যুবককে আটক করেছে মাধবদী থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে মেহেরপাড়া এলাকার শ্রীনগরে সাউথ মামুনের ভাড়াটিয়া বাড়ির দ্বিতীয় তলায় এই ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি বাসায় একা ছিল তখনই অভিযুক্ত রাব্বি তাকে ধর্ষণের চেষ্টা করে। তার বাবা মা দু'জনই বাহিরে কাজ করে, বড় বোন প্রাইভেটে যায়, এই সুযোগে ভুক্তভোগী শিশুকে কুপ্রস্তাব দেয় এবং ধর্ষণের চেষ্টা করে৷ পরে শিশুটির চিৎকারে আশেপাশের মানুষ জড়ো হয় এবং তাকে উদ্ধার করে৷ আমরা খবর পেয়ে তাকে আটক করেছি, মামলা নিয়েছি৷

ভুক্তভোগী শিশুর বাবা জানান, জীবিকার তাগিদে তিনি নরসিংদীর একটি দোকানে কাজ করেন। ঘটনার দিন সকাল ৭টার দিকে তিনি, কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। তার বড় মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সকাল ৮টার দিকে সে, প্রাইভেট পড়তে চলে গেলে বাসায় একা ছিল চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছোট মেয়ে।

তিনি অভিযোগ করে বলেন, ওই সুযোগে একই বাড়ির পাশের কক্ষের ভাড়াটিয়া রাব্বি হাসান সকাল ৯টার দিকে শিশুটিকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখায়। পরে তাকে কুপ্রস্তাব দেয় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে পাশের বাসার অন্য ভাড়াটিয়ারা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে তিনি, বাসায় এসে মাধবদী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাব্বি হাসানকে আটক করে।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ভুক্তভোগীর বাবা তুহিন মিয়ার অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমিনুর রহমান সাদী/জেআই/এমএন