দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল। এতে দুই জেলার হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২০ জুন) দুপুরে মাগুরা শহরের চাউলিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
জানা গেছে, মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এবং নড়াইল জেলা বাস মালিক সমিতির যৌথ উদ্যোগে সরাসরি এ বাস চলাচল শুরু হয়েছে।
মাগুরা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন, সিনিয়র লাইন সম্পাদক মো. মতিয়ার রহমান, লাইন সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, মাগুরা ও নড়াইলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সরাসরি বাস চলাচল চালু করা। আজ সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এ সেবা চালু হওয়ায় দুই জেলার মানুষের যোগাযোগ আরও সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।
শারমিন স্মৃতি নামে এক নারী বলেন, সরাসরি বাস না থাকায় বাবার বাড়ি নড়াইলে যেতে কয়েক দফা যানবাহন পরিবর্তন করতে হতো। এতে সময় ও অর্থ দুটোই বেশি লাগত। এখন সরাসরি বাস চালু হওয়ায় আমাদের যাতায়াত অনেক সহজ হয়ে গেল।
সোহেল মিয়া নামে এক বাস চালক বলেন, দীর্ঘদিন পর এ রুটে বাস চলাচল শুরু হওয়ায় আমরা আনন্দিত। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যাত্রী চাহিদা ভালো থাকলে এ রুট আরও জনপ্রিয় হবে বলে আশা করছি।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের চাহিদা এবং দুই জেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করার লক্ষ্যে সরাসরি বাস চলাচল পুনরায় চালু করা হয়েছে। প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক বাস চলাচল করবে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে বাসের সংখ্যাও বাড়ানো হবে।
দীর্ঘদিন পর সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় মাগুরা ও নড়াইল জেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এতে যাতায়াতের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি দুই জেলার সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাছিন জামান/জেআই
