ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিরিচ, ছোরা, লোহার রডসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী শহরের রামপুর শাহীন একাডেমি স্কুল গেটসংলগ্ন এয়াকুব আলী কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর এলাকার খোরশেদ আলম নয়ন (৩৫), নোয়াখালীর কবিরহাটের আনোয়ার হোসেন ভাসানী (৩৩), ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকার মো. রাসেল (৩০), কুমিল্লা নাঙ্গলকোটের শাকতলী এলাকার আবদুল কাদের (২৪), লাকসামের কুন্তা এলাকার দুলাল মিয়া (২৮), ফেনীর মহিপাল এলাকার মো. আসিফ (২০) ও চৌদ্দগ্রামের শিউরী এলাকার রাকিব হোসেন (২৫)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের পাশে একটি খোলা স্থানে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে ডাকাতির পরিকল্পনা করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সাতজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি কিরিচ, দুটি ছোরা, একটি লোহার রড ও একটি বড় সেলাই রেঞ্চসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারেক চৌধুরী/জেআই/এমএন
