বিজ্ঞাপন

শিক্ষকের সততায় লাখ টাকা ফিরে পেলেন গরুর ব্যবসায়ী

শিক্ষকের সততায় লাখ টাকা ফিরে পেলেন গরুর ব্যবসায়ী

যশোরের অভয়নগরে কলেজ শিক্ষক সাইফুল ইসলামের সততা ও মানবিকতায় হারিয়ে যাওয়া এক লাখ টাকা ফিরে পেয়েছেন মিঠু শেখ নামের এক গরু ব্যবসায়ী। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা গেছে, শনিবার (২০ জুন) দুপুরে ভৈরব আদর্শ কলেজের প্রভাষক সাইফুল ইসলাম মশিয়াহাটি থেকে ইজিবাইকে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হন। পথে উপজেলার সুন্দলী ইউনিয়নের পরশ বাবুর ঘের সংলগ্ন এলাকায় রাস্তার ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। এ সময় ইজিবাইক চালক আবুল হাসান (স্বরখোলা গ্রামের বাসিন্দা) তাকে সহযোগিতা করেন এবং তারা টাকাগুলো নিরাপদে সংরক্ষণ করেন।

পরে শিক্ষক সাইফুল ইসলাম ও চালক আবুল হাসান টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। তারা মাইকিংয়ের মাধ্যমে মালিকের সন্ধান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের এই প্রচেষ্টার ফলে দ্রুতই টাকার মালিক হিসেবে গাজীপুর গ্রামের জলিল শেখের ছেলে ও গরুর ব্যবসায়ী মিঠু শেখের পরিচয় নিশ্চিত হয়।

মিঠু শেখ জানান, তিনি গাজীপুর থেকে কুলটিয়ার পথে যাওয়ার সময় অসাবধানতাবশত টাকাটি হারিয়ে ফেলেন। পরে নওয়াপাড়া বাজারের স্বাধীনতা চত্বরে অবস্থিত ‘তমা ভয়েস রেকর্ডিং সেন্টারে’ উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ উপস্থাপন করলে তার কাছে পুরো অর্থ হস্তান্তর করা হয়।

টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত মিঠু শেখ বলেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে, আমি আমার কষ্টার্জিত টাকা ফিরে পেয়েছি। শিক্ষক সাইফুল ইসলাম ও চালক আবুল হাসানের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এ বিষয়ে প্রভাষক সাইফুল ইসলাম বলেন, আমার স্ত্রী অসুস্থ। জোহরের নামাজের পর আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, যেন টাকার প্রকৃত মালিককে খুঁজে বের করে তার হাতে টাকা তুলে দিতে পারি। আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন।

স্থানীয়রা জানান, বর্তমান সময়ে এমন সততা ও মানবিকতার ঘটনা বিরল। শিক্ষক সাইফুল ইসলাম ও ইজিবাইক চালক আবুল হাসানের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সর্বস্তরের মানুষের প্রশংসা অর্জন করেছে।

রেজওয়ান বাপ্পী/জেআই/এমএন

বিজ্ঞাপন