বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী

সাংস্কৃতিক অঙ্গনকে গত ২০ বছরে দলীয়করণে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়েছে

সাংস্কৃতিক অঙ্গনকে গত ২০ বছরে দলীয়করণে ব্যাপক ক্ষতিগ্রস্ত করা হয়েছে

বিগত ২০ বছরে দলীয়করণের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

তিনি বলেছেন, এর ফলে দেশের সংস্কৃতি স্বাভাবিক ও নিজস্ব বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বিভিন্নভাবে কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও শক্ত ভিত্তির ওপর গড়ে উঠতে পারেনি।

শনিবার (২০ জুন) বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘নদীমাতৃক’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সংস্কৃতি একটি জাতির ঐতিহ্য, চেতনা ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, দীর্ঘ সময় ধরে এই অঙ্গনটি নানা সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার মধ্যে ছিল। বিশেষ করে দেশের অধিকাংশ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় পরিবেশ, অবকাঠামো এবং কার্যকর কর্মসূচির যথেষ্ট অভাব ছিল।

তিনি আরও বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনকে পুনর্গঠন করে সাধারণ মানুষের সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সংস্কৃতি শুধু কিছু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণের জীবনের অংশ হয়ে উঠুক, সেটিই কাম্য। বর্তমান সময়ে সুস্থ, সুন্দর ও সাবলীল সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। সময়ের চাহিদা অনুযায়ী দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ইতিমধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় দেশের সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার, শিল্পীদের দক্ষতা উন্নয়ন এবং নতুন শিল্পী তৈরির উদ্যোগ। তবে এই অঙ্গনকে আরও শক্তিশালী করতে হলে শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়, পাশাপাশি শিল্পীদের বিকাশের জন্য একটি কার্যকর পরিবেশও নিশ্চিত করতে হবে।

এর আগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব নিয়েও কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফারাক্কা বাঁধের কারণে নদী শুকিয়ে যাওয়ায় কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে, বাড়ছে সাগরের লবণাক্ততার ঝুঁকি। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কৃষকেরা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত পানি পেয়ে উৎপাদন বাড়াতে পারেন। ভারতের ফারাক্কা বাঁধের বিপরীতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি প্রকল্প হাতে নিচ্ছেন। তিনি ফারাক্কা বাঁধ মোকাবিলায় ‘পদ্মা ব্যারেল’ তৈরি করবেন।

এ ছাড়া যুবসমাজের অবক্ষয় রোধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদক ও নেশার ভয়াবহ বিস্তার আমাদের যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এ সংকট মোকাবিলায় সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। শিল্প-সংস্কৃতির প্রসারই তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিতে পারে।

এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

আনোয়ারুল হক/বিআরইউ