বিজ্ঞাপন

উজানের ঢলে তলিয়ে গেছে সাদাপাথর, বন্ধ পর্যটনকেন্দ্র

উজানের ঢলে তলিয়ে গেছে সাদাপাথর, বন্ধ পর্যটনকেন্দ্র

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর তলিয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২১ জুন) সকালে হঠাৎ করে সাদাপাথর এলাকার মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সেখানে পর্যটন কার্যক্রম পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় দর্শনার্থীদের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবেশী দেশে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে পানি নেমে আসছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পর্যটনকেন্দ্রটি খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, পাহাড়ি ঢলে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সাদাপাথরের মূল পর্যটন এলাকায় স্থায়ী কোনো দোকান না থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কাও তুলনামূলক কম।

মাসুদ আহমদ রনি/এএমকে