ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বাঘাড় মাছ। মাছটি ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
রোববার (২০ জুন) সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জেলে বকুল চন্দ্র ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।
জেলেদের কাছ থেকে মাছটি কিনে নেন উপজেলা পরিষদ মোড় এলাকার প্রাইমারী স্কুলের শিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজু।
তিনি বলেন, আমি রমনা ইউনিয়নের মাস্টার এলাকায় গিয়ে দেখি মাছটি এক মাঝি নিয়ে বসে আছেন। ব্রহ্মপুত্র নদে নতুন পানি আসায় বড় মাছের চলাচল বেড়েছে। এ সুযোগে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বাঘাড়টি ধরা পড়ে। প্রত্যন্ত এলাকা থেকে এত বড় মাছ বাজারজাত করা জেলেদের জন্য কষ্টসাধ্য হওয়ায় আমি মাছটি কিনে নিয়েছি।
তিনি আরও বলেন, ৫৫ কেজির এই মাছ একা খাওয়া সম্ভব নয়। তাই প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করেছি। এতে মাছটি প্রায় ৮৫ হাজার টাকায় বিক্রি হয়।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদে মাছের বিচরণ বেড়েছে। জেলেদের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাড় মাছ ধরা পড়া অবশ্যই সুখবর। মৎস্যসম্পদ সংরক্ষণে আমরা সারা বছর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মমিনুল ইসলাম বাবু/এএমকে
