যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় কবির হোসেন মৃধা (৫৫) নামে বরিশালের এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের বাসিন্দা এবং মৃত মেছের উদ্দিন মৃধার ছোট ছেলে।
রোববার (২১ জুন) দুপুরে নিহতের স্বজন হেমায়েত হাওলাদার যুক্তরাষ্ট্রে বসবাসরত কবির হোসেন মৃধার স্ত্রী রুমা আক্তারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
স্বজনরা জানান, প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কবির হোসেন মৃধা। সেখানে ফ্লোরিডায় দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন তিনি। তার স্ত্রী ও একমাত্র ছেলে বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন।
জানা গেছে, গত ২০ জুন স্থানীয় সময় সকাল ৮টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন কবির হোসেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মৃত মেছের উদ্দিন মৃধার পাঁচ মেয়ে ও চার ছেলের মধ্যে কবির হোসেন মৃধা ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি এলাকায় একজন পরোপকারী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
হেমায়েত হাওলাদার জানান, জীবদ্দশায় কবিরের ইচ্ছা ছিল মৃত্যুর পর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন হওয়ার। সেই ইচ্ছা পূরণে মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে আনার প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।
এদিকে তার মৃত্যুর সংবাদ দক্ষিণ মোড়াকাঠী গ্রামে পৌঁছালে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নামে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরএআর
