ভোলা শহরের চকবাজারে কাপড়ের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও আশপাশের ব্যবসায়ীরাও যোগ দেন।
এতে কয়েক লাখ টাকার পোশাক পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি ‘নিউ শাড়ি বিতান’ নামে ওই দোকান মালিকের।
রোববার (২১ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আসে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। এ ছাড়া, আগুনের ঘটনায় আতংক ছড়িয়ে পড়ে শহরের পুরো চকবাজারের ব্যবসায়ীদের মধ্যে।
পাশের ব্যবসায়ী রুপক কুমার সাহা, হোসেন ও দুলাল বলেন, প্রতিদিনের মতোই দোতলা চকবাজারের মধ্যের মার্কেটটিতে রেডিমেট পোশাক বিক্রি করছিল দোকানটির মালিক সোহেল হোসেনসহ তার দোকানের কর্মচারীরা। এ সময় হটাৎ তার দোকানের মধ্যে আগুন লেগে যায়। বাইরের থেকে আগুনের ধোঁয়া দেখে আমরা ব্যবসায়ীরা সবাই ছুটে এসে পানি দিয়ে যে যার মতো আগুন নেভানোর চেষ্টা করি এবং ফায়ার সার্ভিসকে খবর দিই।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সোহেল বলেন, চোখের পলকে আগুনে আমার সব শেষ। কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।
ফায়ার সার্ভিসের ভোলার উপসহকারী পরিচালক মো. লিটন আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আমাদের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে পানির জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
মো. খাইরুল ইসলাম/এএমকে
