বিজ্ঞাপন

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় নারীদের ওপর কেমিক্যাল প্রয়োগ করে অলংকার ও টাকা হাতিয়ে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান। এর আগে গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার আবু হাসান, বাবু এবং সবুজ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত কয়েক মাসে নওগাঁ জেলায় একদল অপরাধী শহরের কয়েকটি স্থানে বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন অভিনয় করে সেই নারীর কাছে সাহায্য চায়, পরে একজন এসে নারীর সাথে কথা বলার চেষ্টা করে এবং অপরজন এসে সেই নারীকে শয়তানের নিঃশ্বাস বা কেমিক্যাল স্প্রে করে। এরপর মহিলা তাদের কথামতো সম্মোহিত হয়ে তার অলংকার এবং টাকা-পয়সা অপরাধীর হাতে তুলে দেয়। 

পুলিশ সুপার বলেন, এই কেমিক্যালটা কোনোভাবে কাউকে নাকে প্রয়োগ করলে সেই ব্যক্তি কিছু সময়ের জন্য স্মৃতিভ্রম হয়ে যায় এবং অপরাধীর কথামতো কাজ করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আক্রান্ত ব্যক্তি নিজেই তার কানের দুল স্বর্ণালংকার এবং টাকা-পয়সা অপরাধীর হাতে স্বেচ্ছায় তুলে দেন। এমনকি কখনো বাসার আলমারি খুলেও অলংকার এবং টাকা-পয়সা অপরাধীদের হাতে তুলে দিচ্ছে। 

তিনি বলেন, এ বিষয়ে নওগাঁয় মোট তিনটি মামলা হলে পুলিশ বেশ কয়েকবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে একটি চক্র টাঙ্গাইলে একই ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে শনিবার পুলিশের একটি দল টাঙ্গাইল জেলার পুরাতন বাসস্ট্যান্ড থেকে শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকায় রয়েছে এবং তাদের ৮ থেকে ১০টি গ্রুপ রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে মানুষকে কেমিক্যাল প্রয়োগ করে এই ধরনের অপরাধ করে বেড়ায়। ইতোমধ্যে তারা নারায়ণগঞ্জ, নওগাঁ এবং খুলনা জেলায় কমপক্ষে ১০টি অপরাধ সংগঠিত করেছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

মনিরুল ইসলাম শামীম/আরএআর

বিজ্ঞাপন