বিজ্ঞাপন

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি, হরতালের হুঁশিয়ারি

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি, হরতালের হুঁশিয়ারি

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনতা। একইসঙ্গে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন ও হরতালের মতো কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) বিকেলে সিলেট কোর্ট পয়েন্টে বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যেই ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একজন জনবান্ধব ও কর্মঠ জেলা প্রশাসককে হঠাৎ প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেটের নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাহসী ভূমিকা রেখেছেন।

বক্তারা অভিযোগ করেন, শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় একটি সুবিধাভোগী চক্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তারা বলেন, বছরের পর বছর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যারা নিজেদের স্বার্থ হাসিল করেছে, তারাই একজন সৎ ও সাহসী কর্মকর্তাকে সিলেট থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

বক্তারা বলেন, সিলেটের স্বার্থে এবং জনমতের প্রতি সম্মান দেখিয়ে ডিসি সারওয়ার আলমকে বহাল রাখতে হবে। জনমতের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত সিলেটবাসী মেনে নেবে না।

মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সিলেটবাসীর আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর সিলেটের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আরও বড় আন্দোলন, গণসমাবেশ এবং হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন শামীমাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শামীম আহমদ, কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান এবং সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

মাসুদ আহমদ রনি/এএমকে