নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সাইফুল ইসলাম মুকুল (৪৫) নামে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে (ইউপি) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) দুপুরে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এ সময় পেট্রোল পাম্প এলাকায় শিক্ষার্থীরা পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠি, ছুরি, চাইনিজ কুড়ালসহ অস্ত্র নিয়ে আন্দোলনের মিছিলে হামলা করেন। এতে আন্দোলনে থাকা ইয়াসিন আলীকে হত্যার উদ্দেশ্য মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মুকুল নামীয় আসামি।
এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঢাকা পোস্টকে বলেন, মুকুল মামলার নামীয় আসামি। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহান ইসলাম লেলিন/আরএআর
