বিজ্ঞাপন

গৃহবধূকে হত্যা করে ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ

গৃহবধূকে হত্যা করে ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ

রাঙামাটির বরকল উপজেলার শুভলং ইউনিয়নে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূকে হত্যা করে ঘর থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। 

রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়শা বেগম ওই এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় আয়শা বেগম বাড়িতে একা ছিলেন। তার স্বামী ও সন্তানরা পারিবারিক কাজে বাইরে ছিলেন। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লুটপাটের উদ্দেশ্যে ঘরে ঢোকার পর আয়শা বেগম তাদের চিনে ফেলায় তাকে মাথায় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে তারা বাড়িতে গিয়ে আয়শা বেগমকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ সময় ঘরের আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। পরিবারের দাবি, ঘরে থাকা প্রায় সাড়ে ৩ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

‎রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বরকল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

‎এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

‎মোস্তফা কামাল রাজু/এমএন

বিজ্ঞাপন