নেত্রকোনার বারহাট্টা উপজেলার বড়গাঁও গ্রামে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে উপজেলার বড়গাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় মাঠে থাকা গরু আনতে যান জাহাঙ্গীর আলম। এ সময় বজ্রপাত শুরু হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শী রেনু বেগম সাংবাদিকদের জানান, তিনি গরু আনতে গিয়ে জাহাঙ্গীর আলমকে মাঠে পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঢাকা পোস্টকে জানান, বিকেলের দিকে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে তিনি নিহত হন। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।
চয়ন দেবনাথ মুন্না/এমএন
