বিজ্ঞাপন

সুস্থ সমাজ গঠনে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রিন্স

সুস্থ সমাজ গঠনে যোগব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: প্রিন্স

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশন, সিলেট এবং লাইফ প্লাস ইয়োগা সেন্টারের যৌথ উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা, যোগব্যায়াম প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোববার (২১ জুন) বিকেলে নগরীর মফিজ উদ্দিন ইন্ডেক্স প্লাজায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাহবুবুল আলম, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (কালচার অ্যান্ড স্পোর্টস) রাজেশ ভাটিয়া, লাইফ প্লাস ইয়োগা সেন্টারের পরিচালক জুলফিকার হায়দার এবং ময়মনসিংহ ক্রীড়া অফিসার আল আমিন। বক্তারা আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য এবং সুস্থ জীবনযাপনে যোগব্যায়ামের ভূমিকা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বর্তমান সময়ে মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক চাপের মধ্যে জীবনযাপন করছে। প্রযুক্তিনির্ভর জীবনধারা ও কর্মব্যস্ততার কারণে বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে নিয়মিত যোগচর্চা শরীরকে সুস্থ, মনকে প্রশান্ত এবং জীবনকে আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, আত্মসচেতনতা এবং ইতিবাচক জীবনবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। সুস্থ সমাজ গঠনের জন্য তরুণ প্রজন্মকে খেলাধুলা, শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আরও বেশি উৎসাহিত করতে হবে।

প্রিন্স আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সংস্কৃতি, শিক্ষা, ক্রীড়া এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধনকে আরও শক্তিশালী করবে।

ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির সব ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের প্রধান শক্তি।

ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস বলেন, যোগব্যায়াম কেবল একটি শরীরচর্চার পদ্ধতি নয়, এটি সুস্থতা, মানসিক প্রশান্তি এবং মানবিক মূল্যবোধ চর্চার একটি জীবনদর্শন। জাতি, ধর্ম ও ভৌগোলিক সীমারেখার ঊর্ধ্বে উঠে যোগব্যায়াম আজ বিশ্বব্যাপী মানুষের সুস্থ জীবনের অনুষঙ্গ হয়ে উঠেছে।

তিনি বলেন, আন্তর্জাতিক যোগ দিবসের মূল লক্ষ্য মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে উৎসাহ প্রদান করা। বাংলাদেশে এ ধরনের আয়োজনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ককে আরও দৃঢ় করবে।

তিনি সবাইকে নিয়মিত যোগচর্চার আহ্বান জানিয়ে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির সফলতা কামনা করেন।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা যোগব্যায়াম প্রদর্শনীতে অংশ নেন। পরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।

সাখাওয়াত সুমন/এএমকে