নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে একটি মামলা থেকে রক্ষা করার আশ্বাস দিয়ে ১ লাখ টাকা দাবি করেছিলেন রাসেল নামে এক যুবক। তবে পরিবারের সদস্যদের সন্দেহ ও স্থানীয় বাসিন্দাদের সচেতনতায় শেষ পর্যন্ত তার পরিকল্পনা সফল হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার (২১ জুন) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডিবি পরিচয় দেওয়া রাসেল সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী গ্রামের মছের আলীর ছেলে। তিনি রোববার সকালে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে জিন্নাহ নামের একজনের বাড়িতে প্রবেশ করেন। এ সময় একটি মামলা থেকে রক্ষা করার কথা বলে পরিবারের সদস্যদের কাছে ১ লাখ টাকা দাবি করেন তিনি।
তার কথাবার্তা ও পরিচয় নিয়ে সন্দেহ হলে পরিবারের সদস্যরা বিষয়টি যাচাই করার চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সন্দেহ সৃষ্টি হলে তারা সলঙ্গা থানা-পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সলঙ্গা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঢাকা পোস্টকে বলেন, ওই ব্যক্তি একজনের বাড়িতে গিয়ে ডিবি পরিচয় দিয়েছিলেন। এরপর মামলার ভয় দেখিয়ে, টাকা দাবি করেন। এখন তো মানুষ সচেতন, সন্দেহ করার পরে থানা-পুলিশকে খবর দেয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি অটোচালক ছিলেন।
মো. নাজমুল হাসান/এএমকে
