রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে জামির বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাট্রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।
নিহত জামির বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো. হোসেন আলী বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় জামির বিশ্বাস গুরুতর আহত হলে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে জন্য কাজ করছে পুলিশ।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে
