বিজ্ঞাপন

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে প্রথমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হচ্ছে। সোমবার (২২ জুন) দুপুর আড়াইটা থেকে মাজারে রাখা সিল করা ডেগের ঢাকনা খুলে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়। ব্যতিক্রমী এই উদ্যোগ ঘিরে মাজার প্রাঙ্গণে ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।

জানা গেছে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই গণনা কার্যক্রমে মাদরাসার শিক্ষার্থীরা দানের টাকাগুলো গুনছেন। পুরো কার্যক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত রয়েছেন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে।

গণনার সময় মাজার প্রাঙ্গণে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। প্রকাশ্যে দানের টাকা গণনার এমন দৃশ্য আগে কখনো দেখা না যাওয়ায় বিষয়টি ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, গণনা শেষে মোট দানের পরিমাণ নির্ধারণ করা হবে। পরে এ অর্থ কীভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ বক্তব্য দিতে রাজী হননি।

জানা যায়, দীর্ঘদিন ধরে হযরত শাহজালাল (রহ.) মাজারে ভক্ত ও দর্শনার্থীরা দান করে আসছেন। তবে এসব দানের অর্থ প্রকাশ্যে গণনার নজির আগে ছিল না। এবার প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্য গণনার উদ্যোগ নেওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

প্রসঙ্গত, সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপন করা হয় গত বৃহস্পতিবার। একইসঙ্গে মাজারে থাকা দানের পুরোনো তিনটি ডেগও সিলগালা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজার প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় একটি প্রধান দানবাক্সসহ বিভিন্ন স্থানে আরও কয়েকটি ছোট দানবাক্স বসানো হয়। প্রশাসনের উপস্থিতিতে ৪ দিন পর আজ দুপুর আড়াইটা থেকে এই দানবক্সগুলো খুলে টাকা গণণা শুরু হয়।

মাসুদ আহমদ রনি/আরকে