বিজ্ঞাপন

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটককে হেনস্তা, যুবক গ্রেপ্তার

পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটককে হেনস্তা, যুবক গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে আব্দুল মাবুত হিরো নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২২ জুন) জয়পুরহাট জেলার বুজরুক এলালায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিদেশি ওই পর্যটককে হেনস্তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন এক যুবক। এতে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। প্রতি বছর দেশি-বিদেশি কয়েক লাখ পর্যটক এখানে ভ্রমণে আসেন। সাম্প্রতিক এ ঘটনা পর্যটনখাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টোডিয়ান ফজলুল করিম আরজু বলেন, ভাইরাল ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ওই যুববকে গ্রেপ্তার করেছে। পাহাড়পুর বৌদ্ধবিহার একটি ঐতিহাসিক স্থাপনা এখনকার পরিবেশ রক্ষায় আমরা প্রশাসনিকভাবে সর্বদা সচেষ্ট আছি। 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর গর্ব এবং বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এখানে আগত পর্যটকদের কেউ হেনস্তা করলে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। 

মনিরুল ইসলাম/আরকে

বিজ্ঞাপন