রংপুর নগরীর বিভিন্ন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল।
সোমবার (২২ জুন) দুপুরে নগরীর ধাপ ও চেকপোস্ট এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিবন্ধন না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে ল্যাব এইড ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমকে এক লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহার করার অভিযোগে ফাস্ট কিউর স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারকে দুই লাখ টাকা, আমার দেশ হাসপাতালকে এক লাখ টাকা জরিমানাসহ বেশ কিছু হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রংপুরের বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এতে ৩টি ক্লিনিক-হাসপাতালে লাইসেন্স না থাকাসহ নানা অসঙ্গতি পাওয়ায় জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে রংপুরের গণমাধ্যম, সচেতন নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেবা নিশ্চিতে অধিদপ্তর থেকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা স্থানীয় প্রশাসনকে দেওয়া হবে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এসএম মাহমুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা ডা. ফিরোজ হাসান খান, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও মেডিকেল অফিসার ডা. অর্নিবান মল্লিক উপস্থিত ছিলেন। অভিযানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরাসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।
ফরহাদুজ্জামান ফারুক/আরকে
