কিশোরগঞ্জের হোসেনপুরে মাদকের টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের গাবরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে আলমগীর হোসেন মাদক সেবনের টাকা না পেয়ে তার স্ত্রী শিউলি আক্তারকে মারধর করে ঘরে তালাবদ্ধ করেন এবং পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন। শিউলি আক্তারের চিৎকার শুনে বাড়ির লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। ততক্ষণে আগুনে দুটি ঘর, একটি গাভী ও বাছুর এবং ১৫ থেকে ২০ মণ ধান পুড়ে যায়। আহত শিউলি আক্তার হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
হোসেনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএআর
