বিজ্ঞাপন

বেনাপোলে গোডাউন থেকে পণ্য পাচারের অভিযোগ, কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

বেনাপোলে গোডাউন থেকে পণ্য পাচারের অভিযোগ, কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩

যশোরের বেনাপোল কাস্টমস গোডাউন থেকে জব্দকৃত ভারতীয় পণ্য পাচারের অভিযোগে এক কাস্টমস কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি কাভার্ডভ্যান জব্দ এবং প্রায় দেড় কোটি টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (২২ জুন) ভোররাতে বেনাপোল বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে বেনাপোল সদর বিজিবি ক্যাম্প থেকে তাদের পোর্ট থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) শ্রী ইন্দ্রজিৎ মুখার্জী, চালক মহসিন আলী এবং হেলপার জাহিদ হাসান।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে উচ্চ শুল্কের ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী এবং আমদানি নিষিদ্ধ কিছু ভারতীয় ওষুধ রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, বেনাপোলে শুল্ক ফাঁকি, পণ্য চুরি ও বিভিন্ন অনিয়মের ঘটনা প্রায়ই গভীর রাতে ঘটে। তবে এসব ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে প্রথমে বিজিবির অভিযানের তথ্য সামনে আসে।

স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দীন বলেন, বিজিবির নিয়মিত অভিযান না থাকলে অনেক বড় চালান গন্তব্যে পৌঁছে যেত।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি কাভার্ডভ্যানসহ কয়েকজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য নির্ধারণ ও আইনি প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজিবি কর্তৃক জব্দ বিভিন্ন পণ্য কাস্টমস গোডাউনে সংরক্ষণ করা হয় এবং পরে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। দীর্ঘদিন নিলাম কার্যক্রম বন্ধ থাকায় গোডাউনে বিপুল পরিমাণ পণ্য জমা রয়েছে।

ঘটনার পর বেনাপোল কাস্টমস হাউস দুইজন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং তিনজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী রাজ্জাক হোসেন বলেন, শুধু বিভাগীয় তদন্ত নয়, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজওয়ান বাপ্পী/আরএআর