কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কচাকাটা থানার এসআই মিন্টু মিয়ার নেতৃত্বে নারায়ণপুর ইউনিয়নের ঝাউকুঠি এলাকায় মো. জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ধানের গোলা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, পাঁপড় ও প্যান্ট পিস জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ লাখ টাকা। এসময় চোরাকারবারি জহুরুল বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, এক মাদক কারবারি বাড়ি থেকে ধানের গোলা থেকে ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এবং তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।
মমিনুল ইসলাম বাবু/এমএন
