বিজ্ঞাপন

কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির যুবক

কামড় খেয়ে জ্যান্ত সাপ নিয়ে হাসপাতালে হাজির যুবক

রাজবাড়ীর পাংশা উপজেলায় খড়ের পালায় কাজ করার সময় বিষধর গোখরা সাপের কামড়ে মো. শহমান নামে এক যুবক আহত হয়েছেন। পরে ওই যুবক জ্যান্ত সাপটিকে প্লাস্টিকের পাত্রে বন্দি করে নিজের সঙ্গেই হাসপাতালে নিয়ে আসেন।

সোমবার (২২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খড়ের পালায় কাজ করার সময় হঠাৎ একটি বিষধর গোখরা সাপ শহমানের ডান হাতে ছোবল দেয়। এতে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে সাপটিকে একটি প্লাস্টিকের পাত্রে আটক করে আহত শহমানকে সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় অ্যান্টিভেনম প্রয়োগ করেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. কুতুব আহমেদ বলেন, সাপের কামড়ে আহত যুবকটি সাপসহ হাসপাতালে এসেছিলেন। সাপটি দেখে চিকিৎসা দিতে সুবিধা হয়েছে। তাকে প্রয়োজনীয় অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। পরবর্তী ঝুঁকি এড়াতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সবাইকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএন

বিজ্ঞাপন