ময়মনসিংহের ত্রিশালে আট বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহিম (৪৫) নামের মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা তাকে আটকে পুলিশে সোপর্দ করে।
গ্রেফতার মো. ইব্রাহিম উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া (পাঁচ রাস্তার মোড়) এলাকার খালেক মণ্ডল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ওই গ্রামের নিয়ম অনুযায়ী বিভিন্ন বাড়ি থেকে পালাক্রমে মসজিদের ইমামকে খাবার দেওয়া হতো। গত শুক্রবার দুপুরে শিশুটি ইমামের জন্য খাবার নিয়ে মসজিদের পাশে তার থাকার কক্ষে যায়। সেখানে ইমাম ইব্রাহিম তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতিও দেখানো হয়।
পরবর্তীতে সোমবার শিশুটি তার স্বজনদের কাছে বিষয়টি প্রকাশ করে। ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ জনতা মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার স্বীকারোক্তির একটি ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। খবর পেয়ে সোমবার রাতেই ত্রিশাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় সোমবার রাতেই নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইমাম ইব্রাহিমকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি ইমামকে দুপুরের খাবার দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গত শুক্রবার ঘটনাটি ঘটলেও সোমবার বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। একইসঙ্গে অভিযুক্ত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাখাওয়াত সুমন/এএমকে
