বিজ্ঞাপন

জয়পুরহাটে ট্রাক ও ট্রেনের নিচে পড়ে প্রাণ গেল দুইজনের

জয়পুরহাটে ট্রাক ও ট্রেনের নিচে পড়ে প্রাণ গেল দুইজনের

জয়পুরহাটে সড়ক ও রেলপথে দুটি পৃথক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালের দিকে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাশেদুল ইসলাম জনি (৪২) ও আশরাফুল ইসলাম (২৩)। রাশেদুল ইসলাম পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের নওদা গ্রামের বাসিন্দা। আশরাফুলের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শাহাগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। রাজশাহীতে রাজমিস্ত্রির কাজ করতেন আশরাফুল।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে রাশেদুল ইসলাম পাঁচবিবিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পাঁচবিবি বাজারের নাঙ্গলহাটি এলাকায় একটি মালবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কে পড়ে ট্রাকের নিচে চলে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান বলেন, ঘটনাস্থলে থেকে ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ কোনো অভিযোগ না থাকায় ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ধীরগতিতে ছেড়ে যাচ্ছিল। এ সময় প্ল্যাটফর্মের উত্তর দিকে রেললাইনের পাশে আশরাফুল অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি ট্রেনের পেছনের দিকের একটি বগির নিচে চলে যান। মুহূর্তের মধ্যেই ট্রেনের চাকায় কাটা পড়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়।

চম্পক কুমার/এএমকে