বিজ্ঞাপন

ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাব, সেই কর্মকর্তা প্রত্যাহার

ক্যালকুলেটরে ‘ঘুষের’ হিসাব, সেই কর্মকর্তা প্রত্যাহার

পঞ্চগড়ের দেবীগঞ্জে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দের বিপরীতে ১৫ শতাংশ কমিশন বা ঘুষ নেওয়ার অভিযোগে আলোচিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে প্রত্যাহার করা হয়েছে।

তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বিষয়টি নিশ্চিত করেন।

ইউএনও বলেন, পিআইওর বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। একইসঙ্গে অভিযোগসংবলিত একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাকে বদলির প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার দুপুরে প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণ প্রশাসন শাখার উপসচিব সানজিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (প্রথম শ্রেণি) বাবুল চন্দ্র রায়কে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

ইউএনও ইন্দ্রজীত সাহা বলেন, বাবুল চন্দ্র রায় এখনো বর্তমান কর্মস্থলে রয়েছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করতে বুধবার (২৪ জুন) মন্ত্রণালয়ের একটি দল সরেজমিনে দেবীগঞ্জে আসবে।

এর আগে, সোমবার দুপুরে প্রায় ৪ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ক্যালকুলেটরে হিসাব করে প্রকল্পের বরাদ্দের বিপরীতে কমিশন গ্রহণের অভিযোগ ওঠে। ভিডিওটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

নুর হাসান/এএমকে