বগুড়ার শেরপুরে একটি হোটেলে জন্মদিনের কেক কাটার সময় গ্রেপ্তার হয়েছেন জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামি ডা. সামির হোসেন মিশু।
মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় অবস্থিত হোটেল মকটেল থেকে তাকে আটক করে শেরপুর থানা পুলিশ।
ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে হোটেল মকটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডা. মিশুকে জন্মদিনের কেক কাটতে দেখা যায়। পরে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
জানা গেছে, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। এর আগে তিনি বগুড়ার একজন সুপরিচিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি বাগেরহাট (আইএসটি) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
ওসি এস এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানার একটি মামলার ভিত্তিতে তাকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, স্থানীয় পর্যায়ে ডা. সামির হোসেন মিশু গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। এছাড়া তিনি পুন্ড্র পদকপ্রাপ্ত হিসেবেও সুপরিচিত।
আব্দুল মোমিন/এমএন
