নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে সাপের ছোবলে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে দুর্গাপুর গ্রামের বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মাহিন মাছ ধরার জন্য বাড়ির পাশের খালে যায়। সকাল ৭টার দিকে খালে মাছ ধরার সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মাহিনকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, মাহিন ছিল পরিবারের আদরের সন্তান। তার অকাল মৃত্যুতে স্বজনদের মাঝে আহাজারির সৃষ্টি হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের পরিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হবে।
শাহরিয়ার উদ্দিন অরুপ/এমএন
